# Tags

কিশোরগঞ্জে অটো ভাড়া নিয়ে দ্বন্দ্বে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

আব্দুর রউফ ভুঁইয়া: কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি-
কিশোরগঞ্জে অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের ওপর হামলা, মারধর, শ্লীলতাহানির চেষ্টা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক কিশোর গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গত ৩ জুন দুপুরে সদর উপজেলার দানাপাটুলী এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. রিজন (১৬) বর্তমানে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে মোছাঃ রেখা বেগম ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ৮টার দিকে অটোরিকশার ভাড়া নিয়ে রেখা বেগমের বড় ছেলে মো. মাসুদ রানার সঙ্গে কটিয়াদী উপজেলার রায়খলা এলাকার সুজন নামের এক যুবকের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সুজন তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এর জেরে একই দিন দুপুর ১২টার দিকে কটিয়াদীর রায়খলা এলাকার সুরুজ মিয়া (৫২), বাক্কার (৩৫) ও আশরাফুল ওরফে জীবন (২৫)-এর নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করেন বাদী মোছাঃ রেখা বেগম। হামলার সময় ধারালো অস্ত্রের আঘাতে রেখা বেগমের সন্তান রিজন গুরুতর আহত হয়। এছাড়া পরিবারের অন্য সদস্যরাও মারধরের শিকার হন।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বসতঘরে ভাঙচুর চালিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় পরিবারের নারী সদস্যদের শ্লীলতাহানির চেষ্টা এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহত রিজনকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় বাসিন্দা ইসরাঈল মিয়া বলেন, ঘটনার সময় হট্টগোল শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি কয়েকজন লোক বাড়িতে হামলা চালিয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।