# Tags

দোহারে নির্বাচনী হাওয়া: নারিশায় মাহবুবুর রহমান বেপারীর উঠান বৈঠক অনুষ্ঠিত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকার দোহার উপজেলা জুড়ে বইছে উৎসবমুখর নির্বাচনী হাওয়া। উপজেলার প্রতিটি হাট-বাজার, চায়ের দোকান, রাস্তাঘাট এবং পাড়া-মহল্লায় এখন প্রধান আলোচ্য বিষয় নির্বাচন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের মাঝে চলছে প্রার্থীদের ভালো-মন্দ, যোগ্যতা ও সম্ভাবনা নিয়ে চুলচেরা বিশ্লেষণ, তর্ক-বিতর্ক এবং নানা সমীকরণ।

এরই ধারাবাহিকতায় উপজেলার নারিশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মাহবুবুর রহমান বেপারীর এক বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১০ জুন) সন্ধ্যায় নারিশা বাজারসংলগ্ন এলাকায় আয়োজিত এই উঠান বৈঠক একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়। স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকায় সৃষ্টি হয় ব্যাপক উৎসবের আমেজ।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মাহবুবুর রহমান বেপারী উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশে আবেগঘন বক্তব্য রাখেন। তিনি বলেন, আমি আপনাদেরই সন্তান। জনসেবার লক্ষ্য নিয়েই এবার নির্বাচনে অংশ নিয়েছি। পদের লোভ নয়, বরং জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনই আমার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, নির্বাচিত হতে পারলে আমি সবসময় আপনাদের পাশে থাকব। আপনাদের যেকোনো সুখে-দুঃখে, বিপদে-আপদে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। নারিশা ইউনিয়নকে সব ধরনের আধুনিক নাগরিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি দৃষ্টিনন্দন ও মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে। বিশেষ করে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই ইউনিয়ন থেকে চিরতরে মাদক নির্মূল করে শতভাগ মাদকমুক্ত সমাজ গঠন করাই হবে আমার অন্যতম প্রধান অঙ্গীকার।

স্থানীয় সমাজসেবক জয়নাল আবেদীন কাজীর সভাপতিত্বে এবং বিশিষ্ট শিক্ষক আব্দুর রাজ্জাক মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাসেম দেওয়ান, বজলুর রহমান ও শেখ জয়ধর।

অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন মিলন বেপারী, সোনা মিয়া বেপারী, আনোয়ার খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক নারী-পুরুষ ভোটার। বক্তারা আলহাজ মাহাবুবুর রহমান বেপারীর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আসন্ন নির্বাচনে তাঁকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস ব্যক্ত করেন।

উল্লেখ্য, বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এই নির্বাচনী উঠান বৈঠক সফল করতে সার্বিক সহযোগিতা, শ্রম ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্থানীয় যুবনেতা ইমান আলী এবং শামীম আহমেদ বাবু।

বৈঠক শেষে দেশ ও জাতির কল্যাণ এবং নারিশা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।