খাগড়াছড়িতে নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সপ্তাহ পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নারী ও শিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি শিক্ষার্থীদের সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে এগিয়ে আসার আহ্বান জানান।
এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পৌর প্রশাসক রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক সুষ্মিতা খীসা, নারী নেত্রী নমিতা চাকমা, জাবারাং নারী কল্যাণ সমিতির কর্মী পিংকি বড়ুয়া সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, অভিভাবক, শিক্ষক এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































