# Tags

​লামায় ভয়াবহ পাহাড় ধস:শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু

বেলাল আহমদ, ​লামা (বান্দরবান) প্রতিনিধি:বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ভারী বর্ষণের জেরে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে আজিজনগর মিশন পাড়া এলাকায় দুটি পরিবারের শিশুসহ একই পরিবারের ৩ জন এবং অন্য পরিবারের ২ জনসহ মোট ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কদিন ধরে টানা ভারী বর্ষণের কারণে আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশন পাড়া এলাকায় বৃহস্পতিবার (০৯জুলাই)গভীর রাতে একটি পাহাড়ের একাংশ ধসে নিচে থাকা একটি মাটির ঘরের উপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা বাসিন্দারা মাটির নিচে চাপা পড়েন।

​নিহতরা হলেন,মিশন পাড়া এলাকার মৃত আদম আলীর ছেলে মোঃ ইউনুস(২৮) তাঁর স্ত্রী রানু আক্তার(২২)এবং তাদের সন্তান মোঃ সোলেমান(০৪) অন্য পরিবারটির নিহত সদস্যরা হলেন,একই এলাকার আলী হায়দারের ছেলে জুয়েল(৩৫) এবং তাঁর স্ত্রী কুলছুমা আক্তার(২৫)।

​ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দা,পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। মাটি চাপা পড়া অবস্থা থেকে একে একে ৫ জনেরই মরদেহ উদ্ধার করা হয়।

​ ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিজনগর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোবারক হোসেন জানিয়েছে,পাহাড় ধসে মাটি দেয়াল ও ইটের দেয়াল চাপা পড়ে দুই পরিবারের শিশু সহ ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।মহিলা মেম্বারসহ কয়েকজন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ স্থানে থাকা অন্য পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।এই মর্মান্তিক ঘটনায় পুরো আজিজনগর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।​

এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি উজানের ঢলে লামা উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। পাহাড়ি ঢলের পানিতে ইতিমধ্যেই প্লাবিত হয়েছে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র লামা বাজারসহ বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চল। ফলে লামা পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাত এবং মাতামুহুরী নদীতে নেমে আসা উজানের ঢলে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।