# Tags

দৌলতপুরে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী একটি নির্মাণাধীন ভবন থেকে এক অজ্ঞাত বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।

বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পদ্মা পাড়ের আবেদের ঘাট এলাকায় নির্মাণাধীন একটি ভবনের মেঝে থেকে আনুমানিক ৬৫ থেকে ৭০ বছর বয়সী ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় পদ্মা পাড়ের চরসাদিপুর, দারোগার মোড় ও আবেদের ঘাট এলাকায় ঘুরে বেড়াতেন। তিনি রাতে এসব এলাকায় অবস্থান করতেন বলেও স্থানীয়রা জানান।

বুধবার সকালে এলাকাবাসী নির্মাণাধীন ভবনের মেঝেতে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হলে দৌলতপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, পদ্মা তীরবর্তী এলাকায় একজন মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ডিএনএ নমুনা সংগ্রহসহ আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আঞ্জুমান মুফিদুল এর মাধ্যমে মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে মরদেহে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত অসুস্থতায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।