গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে দেশে গণতন্ত্র থাকে না-সোবাহান
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি – বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান বলেছেন, যেই সমাজে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে না, সেই সমাজকে গণতান্ত্রিক সমাজ বলা যায় না।
গণমাধ্যমকর্মীরা সকল মানুষের খোঁজ খবর নেয়। কিন্তু তাদের খোঁজ কেউ নেয় না। রাজনৈতিক নেতাকর্মীদের উচিৎ গণমাধ্যমকর্মীদের খোঁজখবর নেওয়া। গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে সেই দেশে গণতন্ত্র থাকে না। গণতান্ত্রিক একটি দেশে গণমাধ্যমের স্বাধীনতা ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
বরিশালের গৌরনদীতে কর্মরত সকল সাংবাদিকদের সম্মানে শনিবার বিকেলে কেন্দ্রীয় এ বিএনপি নেতার আয়োজনে স্থানীয় একটি চাইনিজ রেস্তোরায় ইফতার ও দোয়া-অনুষ্ঠান পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, শেখ মুজিব তার সময়ে সাংবাদিকদের কন্ঠ চেপে ধরেছিল। তার ঘড়নার চারটি পত্রিকা বাদে সব বন্ধ করে দিয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিল। সে সময় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাংবাদিকদের অধিকার রক্ষা করেছেন।
পরবর্তীতে গত ১৫ বছর একই কার্যক্রম করেছে শেখ মুজিবের মেয়ে স্বৈরাচারী শেখ হাসিনা। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে বিভিন্ন কালো আইনে অসংখ্য সাংবাদিককে নানাভাবে হয়রানী করা হয়েছে। গুম ও খুন করেছেন। কঠিন সব আইনের ধারা দিয়ে অনেক সাংবাদিকদকে কারাবরণও করতে হয়েছে। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠণ করতে পারলে পেশাজীবী সকল সাংবাদিকদের সর্বাধিক গুরুত্ব দেওয়ার পাশাপাশি গণমাধ্যমে শতভাগ স্বাধীনতা নিশ্চিত করা হবে।
গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কো-আহবায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি ডা. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক আকন, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মনিরুজ্জামান স্বপন, উপজেলা যুবদলের আহবায়ক মনির হোসেন হাওলাদারসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে গৌরনদীতে কর্মরত শতাধিক সংবাদকর্মীসহ বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন গৌরনদী প্রেসক্লাবের সদস্য বিএম বেলাল। শেষে দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































