গম চাষে আগ্রহ হারালেও এবার গমেই স্বপ্ন দেখছেন কৃষক
মশিউর রহমান,জামালপুর : পাট, সরিষা, গম, গরুর গাড়ী এই নিয়েই সরিষাবাড়ী। ব্রিটিশ আমল থেকেই সরিষাবাড়ীতে এ ফসল গুলোর প্রচুর চাষাবাদ ছিল। গম কাটার সময় হলেই গম কাটা ও মারাইয়ের ধুম পড়ে যেত। আবার অনেকেই ব্যাস্ত থাকতো গমের ডাটা দিয়ে ঘর নির্মানের কাজ করতে। সে সময়ে মানুষের রান্না ঘর, গোয়াল ঘর, কাচারি ঘর এবং কি কারোর কারোর থাকার ঘর তৈরি করার প্রধান উপকরণ ছিল গমের ডাটা। কিন্তু কালের বিবর্তনে, প্রকৃতির নানা রুপে বর্তমানে এ সকল ফসল হারিয়ে যাচ্ছে আর তার সাথে হারিয়ে যাচ্ছে সরিষাবাড়ীর চিরচারিত এ প্রবাদ বাক্যটি।
বর্তমানে পাট, সরিষার আবাদ কিছুটা থাকলেও গমের চাষাবাদ নেই বল্লেই চলে। প্রাকৃতিক ভাবে সে সকল ভুমির মাটিতে অল্পখরচে বেশি ফলবান ধান, ভুট্রা ও অন্যান্ন ফসল ভালো হওয়ার ফলে বেশি খরচে কম উৎপাদনক্ষম গম চাষে আগ্রহ হারাচ্ছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কৃষকরা। তবে এবার উপজেলা কৃষি বিভাগের সহায়তায় অধিক লাভের আশায় গমেই স্বপ্ন দেখছেন কৃষক।
সরজমিনে ঘুরে ও কৃষি অফিস সূত্রে জানা যায়, গম চাষের চেয়ে অন্য ফসল চাষ করে তুলনামূলকভাবে অনেক লাভ হয়। ফলে খরচের পরিমাণ বেশি ও উৎপাদন কম হওয়াতে উপজেলার স্বল্প জমিতে গম চাষ হয়েছে।
উপজেলার আওনা, পিংনা ও কামরাদ ইউনিয়নের কিছু কিছু এলাকায় স্বল্প পরিসরে গমের চাষ হয়েছে।
চলতি মৌসুমে গম চাষের লক্ষ্যমাত্রা ছিল একশত হেক্টর। তবে কিছুটা বেড়ে এবার একশত চার হেক্টর জমিতে গম চাষ হয়েছে। যা গত বছরের চেয়ে কম।
এর মধ্যে শুধু প্রনোদনা ও গম গবেষনার সহায়তায় ২৬.৬৭ হেক্টর জমিতে উপজেলার বারইপটল এলাকার প্রায় ২শত কৃষক গম চাষ করেছে। অন্যদিকে কৃষি বিভাগের বিভিন্ন সহযোগিতায় নিজ উদ্যোগে ৭৭.৩৩ হেক্টর জমিতে গম চাষ হয়েছে।
কৃষকরা জানান, গত বারের চেয়ে এবার গমের ফলনও বেশি হয়েছে। গতবার প্রতি বিঘা জমিতে গম হয়েছিল সাত থেকে আট মণ এবার সেই জমিতে গম হয়েছে দশ থেকে এগারো মণ।
আর গত দুই -তিন বছর আগে গমের দাম ছিলো ৮ শত থেকে ৯ শত টাকা এবার সেই গমের দাম ১ হাজার ৭ শত থেকে ১ হাজার ৮ শত টাকা।
তাই এভাবেই যদি উৎপাদন ও মুল্য থাকে তাহলে আগামীতে আরো বেশী আবাদ হবে বলে জানান কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ জানান, চলতি মৌসুমে গম চাষের লক্ষ্যমাত্রা ছিল একশত হেক্টর। তবে কিছুটা বেড়ে এবার একশত চার হেক্টর জমিতে গম চাষ হয়েছে। যা গত বছরের চেয়ে কম। এ দিকে আমরা কৃষককে গম চাষে আগ্রহ বাড়াতে এবার শুধু প্রনোদনা ও গম গবেষনার সহায়তায় ২৬.৬৭ হেক্টর জমিতে উপজেলার বারইপটল এলাকার প্রায় ২শত কৃষকে গম চাষ করিয়েছি। অন্যদিকে কৃষি বিভাগের বিভিন্ন সহযোগিতায় নিজ উদ্যোগে ৭৭.৩৩ হেক্টর জমিতে গম চাষ হয়েছে।
ফলন ভালো হয়েছে, দামও ভালো এবার গম চাষ করে অনেকটা লাভবান হবে আশা করি আগামীতে গমের চাষ আরো বাড়বে।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































