চাঁপাইনবাবগঞ্জ কারাগারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জ কারাগারে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। পরিবার-পরিজনহীন থেকেও নেচে-গেয়ে নিজেদের মতো দিনটি উদযাপন করেছেন বন্দিরা। সোমবার সকালে কারাগারের অভ্যন্তরে বর্ষবরণ উৎসবের আয়োজন করে কারা কর্তৃপক্ষ।
সকালে ৫৯৭ বন্দির মাঝে পান্তা ইলিশ দিয়ে শুরু হয় নববর্ষের উদযাপন। জেল সুপার মো.আমজাদ হোসেন, জেলার মো.জাকির হোসেন, ডেপুটি জেলার মো. হোসেনুজ্জামান সহ কারা কর্তৃপক্ষ উপস্থিত থেকে এসব খাবার বিতরণ করেন।
এরপর কারাগারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে সুসজ্জিত মঞ্চে চলে নাচ গানসহ জেলার ঐতিহ্যবাহী গম্ভীরা। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বন্দী ও কারাকর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়া দুপুরে বন্দিদের মাঝে গরু ও খাসির মাংস, চিকেন রোস্ট, মিষ্টি (আদি চমচম), দই, পান সুপারীসহ বিভিন্ন পদের খাবার পরিবেশন করা হয়। রাতেও উন্নতমানের খাবার পরিবেশন করা হবে বলে কারা কর্তৃপক্ষ জানায়।
এদিকে নববর্ষকে বরণ করে নিতে কারাগারের বন্দিরা দু’দিন ধরে রং তুলির আঁচড়ে আলপনায় সাজিয়ে তোলে জেলখানার ভেতরের দেয়াল ও রাস্তাগুলো।
জেল সুপার মো.আমজাদ হোসেন জানান, পরিবার থেকে দূরে থাকা বন্দিরা যাতে বর্ষবরণের আনন্দ থেকে বঞ্চিত না হন সেজন্য এই আনন্দ আয়োজন করা হয়েছে।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































