পঞ্চগড়ে গ্রাম আদালত বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ কোর্স শুরু
পঞ্চগড় প্রতিনিধি-গ্রাম আদালতকে আরও সক্রিয় ও গতিশীল করতে পঞ্চগড়ে ইউপি সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ওই প্রশিক্ষণের আয়োজন করেছে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন।
সোমবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে ওই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। কোর্স কো-অর্ডিনেটর ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোর্স পরিচালক ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক সীমা শারমিন, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান ও সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ। উক্ত প্রশিক্ষণ কোর্সে পঞ্চগড় সদর উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নের ৭২ জন ইউপি সদস্য ও সংরক্ষিত ইউপি সদস্যারা অংশগ্রহণ করেছেন। বাকি চার ইউনিয়নের ইউপি সদস্যদের নিয়ে দুই দিনের প্রশিক্ষণ আগামি ২৮ ও ২৯ মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































