ভালুকার কৃতি শিক্ষার্থীদের উপজেলা জামায়াত আমীরের অভিনন্দন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের ভালুকা উপজেলায় ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ সকল কৃতি শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার আমীর ও ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ছাইফ উল্লাহ পাঠান ফজলু।
তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় বলেন, “তোমরা ভালুকার গর্ব ও জাতির আশা। সঠিক দিকনির্দেশনা, কঠোর পরিশ্রম এবং আল্লাহর রহমতে এই সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে তোমাদের অবদানই হবে সবচেয়ে বড় পরিচয়। তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অভিভাবক ও শিক্ষকদের প্রতিও জানাই কৃতজ্ঞতা।”
তিনি আরও বলেন, “শিক্ষাই উন্নতির মূল চাবিকাঠি। তাই নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক গুণাবলির বিকাশ ঘটিয়ে সৎ এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানাই। ভবিষ্যতের প্রতিটি ধাপে আল্লাহর রহমত ও সাফল্য কামনা করছি।”
ছাইফ উল্লাহ পাঠান ফজলুর এই বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































