# Tags

কিশোরগঞ্জে বসতবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন

আব্দুর রউফ ভুঁইয়া,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদের শিমুলিয়া গ্রামে বসতবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

রবিবার (২৪ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গৃহবধূ পারভিন এ অভিযোগ করেন।

তিনি জানান, গত ৮ আগস্ট রাত ১০টার দিকে উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শ্রীমন্তপুর এলাকার বিল্লাল মেম্বারের নেতৃত্বে অন্তত ২৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁর বসতবাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাঁর স্বামী কাজল মিয়াকে হত্যার উদ্দেশ্যে কোপ দিলে বাম হাতের আঙুল কেটে গুরুতর জখম হয়।

এঘটনায় ওইদিন রাতেই কিশোরগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী গৃহবধূ পারভিন।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা পেট্রোল ঢেলে বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে নগদ এক লাখ ৭৫ হাজার টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, ফ্রিজ, টেলিভিশন, মোটরসাইকেলসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়।

অভিযোগে আরো বলা হয়, বিবাদীরা ধারালো অস্ত্র নিয়ে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে, এজন্য ভুক্তভোগী পারভিন ও তার পরিবার ভয়ে বাড়ি যাওয়ার সাহস পাচ্ছেনা।

সংবাদ সম্মেলনে পারভিন অভিযোগ করেন, বিবাদীরা বসতবাড়িতে হামলা চালালে পারভিন ও তার পরিবার এক কাপড়ে বাড়ি ছাড়া হয়ে আত্মীয়দের বাড়িতে অবস্থান করছেন এবং প্রতিপক্ষদের হুমকি-দামকির ভয়ে বসতবাড়িতে যেতে পারছেনা। তিনি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা ও ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।