চকরিয়ায় নবজাতক বিক্রির অভিযোগে নানী ও খালা গ্রেপ্তার
মো. সাইফুল ইসলাম খোকন,চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি. চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট ডুমখালী গ্রামে মেয়ের সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক শিশুকে চুরি করে চট্টগ্রাম শহরে বিক্রি করে দিয়েছেন আপন নানি। এ ঘটনায় নবজাতক ওই শিশুর মা জেসমিন আক্তার মঙ্গলবার রাতে চকরিয়া থানায় একটি এজাহার জমা দিয়েছেন।
এরই প্রেক্ষিতে চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারের নির্দেশে এসআই নাসির উদ্দিন মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত নানী নুরুন্নাহার বেগমকে উপজেলার ডুলাহাজারা থেকে গ্রেফতার করেছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে চকরিয়া থানার এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম গ্রেফতারকৃত নুরুন্নাহার বেগমের স্বীকারোক্তি মতে, তাঁকে সাথে নিয়ে নবজাতক শিশুকে উদ্ধারে চট্টগ্রাম শহরে তাঁর বোনের বাসায় অভিযান পরিচালনা করে।
এসময় শিশুটি বিক্রির সঙ্গে জড়িত নানির বোনকেও গ্রেপ্তার করে পুলিশ। চকরিয়া থানার এসআই নাসির উদ্দিন জানিয়েছে, বিক্রি করে দেওয়া ওই শিশুটিকে উদ্ধারের জন্য চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এজাহার সুত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট সকালে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট ডুমখালী এলাকা থেকে নবজাতক শিশু চুরির ঘটনাটি ঘটে।
ওইদিন নবজাতকের মা জেসমিন আক্তার বাড়ির পাশের দোকানে যাওয়ার জন্য তাঁর সদ্য ভূমিষ্ঠ কন্যাশিশুকে নানির কাছে রেখে যান। ফিরে এসে দেখেন তাঁর মা (নানি) নবজাতক শিশুকে নিয়ে উধাও হয়ে যায়।
শিশুকে হারিয়ে জেসমিন তিন দিন ধরে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করলেও ব্যর্থ হন। পরবর্তী সময়ে তাঁর মা ( নবজাতকের নানি) নুরুন্নাহার বেগম বাড়িতে ফিরে এলে তাঁর কাছে শিশু কোথায় জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যেতে চেষ্টা করেন এবং একপর্যায়ে তাঁকে (মেয়েকে) মারধরের চেষ্টা করেন।
এজাহারে ভুক্তভোগী জেসমিন উল্লেখ করেন, তার মা নুরুন্নাহার, খালা ও খালাতো ভাই মিলে চুরি করে তাঁর নবজাতক শিশুকে টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। জেসমিন বলেন, আমি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করি। স্বামী দ্বিতীয় বিয়ে করায় আমাকে ঠিকমতো ভরণপোষণ দেন না। এ অবস্থায় আমার নবজাতক শিশুকে চুরি করে বিক্রি করে দেওয়ার ঘটনাটি আমার জীবন বিষিয়ে তুলেছে।
থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত নানি নুরুন্নাহার বেগমের স্বীকারোক্তির ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে, নানির বোন ও তার ছেলে নবজাতক শিশুকে চট্টগ্রামের কর্ণফুলী সেতু এলাকায় নিয়ে বিক্রি করে দিয়েছে।
শিশুর মা জেসমিন আক্তার বলেন, ‘আমার সংসার ভেঙে গেছে, স্বামী আমার খবরাখবর নেয় না। দুই বছরের এক সন্তান আর নবজাতক শিশুকে নিয়ে আমি ভিক্ষা করে কোনমতে জীবিকা নির্বাহ করি।
সন্তান দুটোকে নিয়ে আমি বেঁচে থাকার আশা করেছিলাম। কিন্তু আমার গর্ভধারিনী মা নুরুন্নাহার টাকার লোভে পড়ে আমার ২০ দিনের শিশুকে চুরি করে বিক্রি করে দিয়েছে। আমি শুধু আমার সন্তানকে ফেরত চাই। জড়িতদের শাস্তি চাই।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, আপন নানি কতৃক নবজাতক নাতি চুরির ঘটনাটি সমাজের জন্য চরম অশনিসংকেত। এ ঘটনাটি প্রমান করেছে, একটি শিশু নানীর কাছেও নিরাপদ নয়।
ওসি বলেন, নবজাতক ওই শিশুকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে। যেখানেই রাখা হোক না কেন, তাঁকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হবে।’##






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































