# Tags

ভালুকায় বোতলজাত এলপিজি গ্যাসের দাম মনিটরিংয়ে মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি-
মময়মনসিংহের ভালুকায় বোতলজাত এলপিজি গ্যাসের সরকার নির্ধারিত মূল্য নিশ্চিত করতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার(৬ জানুয়ারি)পরিচালিত এ অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে বোতলজাত গ্যাস বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৯ ও ৪০ ধারা অনুযায়ী বোতলজাত গ্যাসের ডিলার মেসার্স ব্রাদার্স এন্টারপ্রাইজ, সিডস্টোর বাজার-কে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা এবং খুচরা বিক্রেতা মেসার্স রাকিব ফার্নিচার এন্ড ইলেকট্রনিকস-কে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন বলেন,“ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকার নির্ধারিত মূল্য অনুসরণ করা বাধ্যতামূলক। বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।