এম্বুলেন্স সংকটের আড়ালে দুর্নীতির গন্ধ: তালা হাসপাতালের আজিজুল হক বিতর্কে
শামীম খান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি -সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি এম্বুলেন্স পরিচালনা নিয়ে চরম অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে। জরুরি সেবা দিতে ব্যর্থতা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দায় এড়ানোর বক্তব্যে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
হাসপাতালের প্রধান অফিস সহকারী আজিজুল হক এম্বুলেন্স চলাচল প্রসঙ্গে বলেন, “গাড়ির লাইট লাগানোর কোনো বরাদ্দ নেই। লাইট না থাকলে এম্বুলেন্স চলবে কীভাবে?” তিনি আরও দাবি করেন, সরকার এরপর থেকে তেলের টাকা দিবে না তখন হয়তো এম্বুলেন্স চালানো সম্ভব হবে না ।
তার এ বক্তব্যের পর স্থানীয়দের মধ্যে একাধিক প্রশ্ন উঠে এসেছে। জরুরি রোগী নিয়ে রাতের বেলায় কীভাবে চিকিৎসা সেবা দেওয়া হবে—এমন প্রশ্ন করছেন সচেতন মহল। অনেকেই বলছেন, সরকারি এম্বুলেন্সটি কার্যত অচল অবস্থায় পড়ে আছে।
এদিকে, এম্বুলেন্স সংক্রান্ত আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে প্রধান অফিস সহকারী আজিজুল হকের বিরুদ্ধে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ উত্তোলনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে সাবেক এম্বুলেন্স ড্রাইভার এস এম আহমাদ আলী গুরুতর অভিযোগ তুলে বলেন, “আমি চাকরিতে থাকা অবস্থায় আমার ওভারটাইমের টাকা ‘বড়ো বাবু’ খেয়ে ফেলতেন। ২০২৪ সালে এম্বুলেন্সের দুটো টায়ার বাদ দিতে হয়েছিলো, বড়বাবু তখনও বললো বরাদ্দ নেই তখন রুগীদের কথা চিন্তা করে আমি নিজে ২৮ হাজার টাকা দিয়ে সেই টায়ার কিনেছিলাম। সেই টাকা এখনো আমাকে এখনো পরিশোধ করা হয়নি। টাকা দেবেন বলে শুধু আশ্বাস দেওয়া হয়েছে।”
তার এই অভিযোগ এম্বুলেন্স সংক্রান্ত আর্থিক অনিয়মের বিষয়টিকে আরও স্পষ্ট ও প্রশ্নবিদ্ধ করেছে ।
স্থানীয়দের অভিযোগ, এ ধরনের অনিয়ম ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনস্বাস্থ্যসেবার প্রতি চরম অবহেলার শামিল। এতে একদিকে জরুরি চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, অন্যদিকে সরকারের স্বাস্থ্যখাতের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।
এছাড়াও অভিযোগ উঠেছে, সরকারি চাকরিতে কর্মরত থাকা সত্ত্বেও প্রধান অফিস সহকারী আজিজুল হক একটি আর্থিক সমবায় সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সহকর্মী জানান, তিনি হাসপাতালের প্রায় অর্ধশতাধিক কর্মচারীকে সমিতির আওতায় এনে লাভের প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ করেন। তবে নির্ধারিত মেয়াদ শেষ হলেও অনেক সদস্য এখনো তাদের জমাকৃত অর্থ ফেরত পাননি বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ মোঃ আঃ সালাম জানান, অভিযোগের বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা, হাসপাতালের কর্মচারী ও ভুক্তভোগীরা অবিলম্বে তদন্তসহ দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































