# Tags

জেলা প্রশাসকের ধন্যবাদপত্র পেলেন এসিল্যান্ড ইকবাল হোসাইন

মোঃ আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ময়মনসিংহের ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন জেলা প্রশাসকের ধন্যবাদ ও কৃতজ্ঞতা পত্র পেয়েছেন।

নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান, ব্যালট পেপার নিরাপদে ভোটকেন্দ্রে পৌঁছানো, ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করা, গণভোটে জনসচেতনতা সৃষ্টি, ভোটাধিকার প্রয়োগে সহায়তা এবং নির্বাচনী ফলাফল সংগ্রহ ও সরবরাহে একজন প্রকৃত দেশপ্রেমিক হিসেবে অক্লান্ত পরিশ্রম করে অনবদ্য ও প্রশংসনীয় ভূমিকা পালন করায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান ধন্যবাদ ও কৃতজ্ঞতা পত্রটি প্রদান করেন। জেলা প্রশাসকের এ স্বীকৃতি প্রশাসনিক অঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে।

 

এ বিষয়ে ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন বলেন, “নির্বাচন একটি সাংবিধানিক দায়িত্ব ও গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ। এই দায়িত্ব পালনে আমি আমার সহকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা পেয়েছি। জেলা প্রশাসকের এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে। দেশের স্বার্থে ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।”

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালুকায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, যা প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার ফল বলে সংশ্লিষ্টরা মনে করছেন।