পঞ্চগড়ে বিএনপি নেতার উদ্যোগে কয়েকশ’বিঘা জমির জলাবদ্ধতা নিরসন
পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ে একটি কার্লভার্টের মুখ বন্ধ করে ঘর নির্মাণের কারণে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকায় কয়েক’শ বিঘা জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। অনেক দেন দরবার করেও কার্লভার্টের মূখ খুলতে না পারায় আসন্ন বর্ষায় চরম ভোগান্তির শিকার হত ওই এলাকার হাজারও জনগন। সংকট নিরসনে স্থানীয় এক বিএনপি নেতার উদ্যোগে কার্লভার্টের মূখ থেকে ঘর উচ্ছেদ করায় স্বাভাবিক হয়েছে পানি প্রবাহ। এত করে দীর্ঘদিনের জলবদ্ধতা নিরসন হয়েছে।
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কার্লভার্টের পানি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বসুনিয়াপাড়া এলাকার কয়েকশ’ বিঘা কৃষিজমি পানির নিচে তলিয়ে যায়। এতে আমন মৌসুমের প্রস্তুতি ও বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দেয়। শুধু কৃষিজমিই নয়; কালভার্টের পানি চলাচল বন্ধ থাকায় পাশের সড়ক ভেঙে গিয়ে দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। বিশেষ করে বসুনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হয় কোমলমতি শিক্ষার্থীরা। স্থানীয়রা জানান, কালভার্টের মুখের ওপর ঘর নির্মাণ করায় পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারেনি। ফলে সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে এ সমস্যা সমাধানে স্থানীয়ভাবে নানা উদ্যোগ নেয়া হলেও কোনো সমাধান হয়নি।
ওই এলাকার মানুষের সংকট নিরসনে উদ্যোগে নেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। তিনি ঘরের মালিককে ক্ষতিপূরণের আশ্বাষ দিয়ে কার্লভার্টের মূখ থেকে ঘর সরিয়ে ফেলেন। এরপর কার্লভার্টের মূখের মাটি কেটে নিলে পানি প্রবাহ স্বাভাবিক হলে উজানের জলাবদ্ধতার পানি সরে গেছে।
স্থানীয় ইউপি সদস্য রশিদুল ইসলাম বলেন, এর আগে আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি যাতে ঘরটি সরিয়ে নেয়া হয়। কিন্তু কোনোভাবেই সফল হতে পারিনি। পরে জেলা কৃষক দলের আহ্বায়ক ও হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে এসে বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি মানবিকভাবে বুঝিয়ে বলার পর আনসারুল ইসলাম বাচ্চুও বিষয়টি বুঝতে পারেন এবং ঘর সরিয়ে নিতে রাজি হন।
ঘরের মালিক আনসারুল ইসলাম বাচ্চু বলেন, আমার তেমন কোনো জায়গা-জমি নেই। প্রায় পাঁচ শতক জমির ওপর বাড়ি তৈরি করে বসবাস করছি। কালভার্টের মুখের জায়গাটি আমার হওয়ায় আমি সেখানে ঘর তুলেছিলাম। পরে আব্দুর রাজ্জাক ভাই এসে আমাকে ভালোভাবে বুঝিয়েছেন। তিনি বলেছেন এখানে একটি ড্রেন করে দেওয়া হবে এবং মাটি ভরাট ও ঘর সরানোর খরচ বাবদ ৮০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। তার কথায় আমি রাজি হয়েছি এবং ঘর সরিয়ে নিয়েছি।
জেলা কৃষক দলের আহ্বায়ক ও হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয় লোকজন আমাকে ফোন করে বিষয়টি জানালে আমি ঘটনাস্থলে যাই। পরে পুরো পরিস্থিতি আমাদের এমপি মহোদয় ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরকে অবহিত করি। তার পরামর্শে আমরা আনসারুল ইসলাম বাচ্চুর সঙ্গে কথা বলি। তিনি এখানে একটি ড্রেন নির্মাণ ও মাটি ভরাটের জন্য ৮০ হাজার টাকা দাবি করেন। আমরা সেটি দেয়ার আশ্বাস দিয়েছি। মূল লক্ষ্য হচ্ছে এলাকার মানুষের দুর্ভোগ কমানো এবং কৃষিজমি ও শিক্ষার্থীদের চলাচল স্বাভাবিক রাখা। #






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































