ধর্ষক-হত্যাকারী ও নিপীড়কদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন
পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড় শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধর্ষক-হত্যাকারী ও নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ধারে প্রথম আলো বন্ধুসভা পঞ্চগড় ওই মানববন্ধনের আয়োজন করে। এতে পঞ্চগড়ের সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে পঞ্চগড় বন্ধুসভার উপদেষ্টা ও পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাসান মো. আরিফ রায়হান, পঞ্চগড় বন্ধুসভার উপদেষ্টা ও আইনজীবী মনসুর আলী, পঞ্চগড় জেলা জজ আদালতের সাবেক জিপি আব্দুল বারী, প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি রাজিউর রহমান, পঞ্চগড় বন্ধুসভার সভাপতি আরিফুজ্জামান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন পঞ্চগড় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইনসান সাগরেদ, স্থানীয় স্কুল শিক্ষার্থীর অভিভাবক নাইমা আক্তার মনি, পঞ্চগড়ের সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামের সদস্য মানিক উদ্দিন, ফাতেমা তুজ জোহরা ও মো. সানাউল্লাহ বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে একের পর এক শিশু ও নারী ধর্ষণের শিকার হচ্ছে। এমনকি তারা হত্যাকাণ্ডেরও শিকার হচ্ছে। যা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের। সম্প্রতি ঢাকার পল্লবীতে যে শিশুটি নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই ঘটনা বেশির ভাগ অভিভাবকের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এমন নির্মম হত্যাকাণ্ড আমরা আর দেখতে চাইনা। আমরা সারা দেশের শিশু নারী সহ সকল মানুষের জীবনের নিরাপত্তা চাই। শিশু হত্যাকাণ্ডলোর দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই। যেন সেই শাস্তি দেখে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর কেউ চেষ্টা না করে। #














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































