দৌলতপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল
দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।
সোমবার (২২ জুন) বিকেলে তারাগুনিয়া থানার মোড়ে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয় থেকে কর্মসূচির সূচনা হয়। পরে কয়েক শতাধিক মোটরসাইকেলের বহর ও নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শামীম রেজা মোল্লার নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।
মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা বিভিন্ন স্থানে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তারা এসব কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শামীম রেজা মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শের আলী, সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম হোসেন, ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকদের দাবি, গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই এ মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































