যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয়,তেমনি জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত -পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ
পঞ্চগড় প্রতিনিধি-পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ১৮ জুলাই থেকেই আমরা পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নিয়ে আন্দোলনে নেমেছিলাম| ১৯ জুলাই ছিল অত্যন্ত নিষ্ঠুর ও নির্মম একটি দিন| তবে সেই কঠিন সময় আমরা অতিক্রম করেছি| তিনি আরও বলেন, যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয়, তেমনি জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত| শুধু জুলাই আন্দোলন নয়, গত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যাঁরা নিহত, আহত, গুম বা পঙ্গু হয়েছেন, দলমত নির্বিশেষে তাঁদের আত্মত্যাগের স্বীকৃতি দিতে হবে এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে হবে| তিনি রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন|
প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ব্যক্তিগত উদ্যোগে নিজের বেতনের অর্থ থেকে প্রতি মাসে পাঁচটি জুলাই পরিবার এবং ময়নাদিঘির প্রথম শহীদের পরিবারসহ মোট ছয়টি পরিবারকে সম্মানী ভাতা দিয়ে আসছেন| সংসদ সদস্যদের জন্য বরাদ্দ দেওয়া কার্যালয়ে তিনি দুইটি জুলাই পরিবারের সদস্যকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন| বোদা কার্যালয়ে একজন এবং দেবীগঞ্জ কার্যালয়ে একজনকে সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে|
জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সায়েম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার আমির ইকবাল হোসাইন, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহামিদা সুলতানা, আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা মনি রানীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা| সভায় জুলাই পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন|
পরে তিনি পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন| বিকেলে তিনি পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের দ্বারিকামারীতে চাওয়াই নদীর পশ্চিম তীর ভাঙ্গন কবলিত মসজিদ, বসতবাড়ী, ফসলী জমি ও চলাচলের রাস্তা পরিদর্শন, ধাক্কামারা ইউনিয়নের আমতলা ব্রীজের ভাটিতে ডাঙ্গাপাড়ায় চাওয়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন, অমরখানা ইউনিয়নের থুকুরীপাড়া এলাকায় এবং সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তালমা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন| সন্ধ্যায় তিনি সদর উপজেলার দেওয়ানহাট যুব উন্নয়ন সংঘের আয়োজনে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদান ও বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন| #














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































