জামালপুরে হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: জামালপুরে ট্রেনের ছাদে এক যুবককে হত্যা মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে জামালপুর স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১১ সালের ১৩ জুন জামালপুরের দুরমুঠ রেলওয়ে স্টেশনের রেল লাইনে এক অজ্ঞাত ব্যাক্তির মরদেহ পায় পুলিশ।
পরে ময়নাতদন্তের পর দেওয়ানগঞ্জ রেলওয়ে থানার এএসআই নজরুল ইসলাম বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত পাঁচ আসামীর মধ্যে চার জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সন্দেহাতীতভাবে তাদের অপরাধ প্রমানিত হওয়ায় ও ৭ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে ৪ জন আসামীর উপস্থিতিতে বিচারক প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দেন। এছাড়াও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডের আদেশ দেন আদালত। সাজাপ্রাপ্ত আসামীরা হলো- কিশোরগঞ্জের জীবন, গাজীপুরের শিপন, রাজধানী মিরপুরের রাকিব, কুমিল্লার সোহেল ও মানিকগঞ্জের রনি। তবে এই মামলায় এখনো পলাতক রয়েছে রনি।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































