নড়াইলের অরূনিমায় “পাখি সুরক্ষায় স্থানীয় সচেতনতা সৃষ্টি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল প্রতিনিধি: নড়াইলের অরূনিমা রিসোর্ট গলফ ক্লাবে “পাখি সুরক্ষায় স্থানীয় সচেতনতা সৃষ্টি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ডিসেম্বর) নড়াইলের নড়াগাতী থানার পানিপাড়ায় অরূনিমা রিসোর্ট গলফ ক্লাবে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতী থানার মো: অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান।
অরূনিমা রিসোর্ট গলফ ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক ইরফান আহমেদ এর সভাপতিত্বে ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন অফ বাংলাদেশ (ট্রিয়াব) এর ফাউন্ডার প্রেসিডেন্ট খবির উদ্দিন আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন “অরূনিমা রিসোর্ট গলফ ক্লাব নড়াগাতী-নড়াইল এর সম্পদ না। এটা সারা বাংলাদেশের সম্পদ। এটাকে রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। তিনি বলেন পাখি মহান আল্লাহ তায়ালার অপূর্ব সৃষ্টি। হাজার মাইল পাড়ি দিয়ে বিভিন্ন দেশ থেকে এসব পাখিরা আমাদের দেশে আসে। তারা আমাদের মেহমান। তাদের নিরাপদে থাকার ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। দেশের জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা সহ প্রাকৃতির সৌন্দর্য বর্ধনে বড় ধরনের অবদান রাখা পাখিদের রক্ষায় সকলকে কাজ করতে হবে। তিনি সকলকে পাখি শিকার না করার আহŸান জানান এবং পাখি শিকারের শাস্তি সম্পর্কে অবহিত করেন। এমনকি পাখি না মারার জন্য উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত সকলে পাখি শিকার বন্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের সভাপতি ইরফান আহমেদ জানান পাখি আমাদের প্রকৃতিরই একটি অংশ। অনেকেই বুঝে কিংবা না বুঝে এই পাখি শিকার করছে৷ অরূনিমা রিসোর্ট গলফ ক্লাব শুধু আমাদের প্রতিষ্ঠান না। এটা আপনাদের সকলের। তাই পাখি শিকার বন্ধে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































