পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের বার্ষিক সালানা জলসা শুরু
পঞ্চগড় প্রতিনিধি-সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাতের দুইদিন ব্যাপী ৯৯তম বার্ষিক সালানা জলসা শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার জেলা শহরের উপকণ্ঠ আহমদনগরে সকাল থেকে শুরু হয়েছে সালানা জলসা। গত বছরের সহিংসতার কারণে এবার নজিরবিহীন নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। জলসা স্থলের আশপাশের এলাকাসহ শহরের মোড়ে মোড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সাইরেন বাজিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহর টহল দিচ্ছে। আহমদনগরের জলসা স্থলের আশপাশের এলাকা এখন পুরো আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএনের সমন্বয়ে আইনৃঙ্খলা বাহিনীর সদস্যরা শহর ও এলাকায় টহল দিচ্ছে। স্থানীয় পুলিশ-বিজিবি ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে পুলিশ সদস্য আনা হয়েছে। এ জন পৌর এলাকা ও বোদা উপজেলার স্কুল কলেজ ও মাদ্রাসাসহ ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করবেন মর্মে ৫ দিন পাঠদান বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, আহমদিয়া মুসলিম জামাতের বার্ষিক সালানা জলসা অনুষ্ঠান নিরাপদে করতে এবং সহিংসতা এড়াতে এবার ব্যাপক নিরাপত্তা নেয়া হয়েছে। সালানা জলসাকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা যেন কেউ ঘটাতে না পারে এজন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, এবার আহমদিয়া মুসলিম জামাতের সালানা জলসাকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রায় চার হাজার ফোর্স মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বিজিবি, র্যাব, এপিবিএন ও আনসার সদস্যরাও রয়েছে। ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল যুবায়েদ হাসান বিজিবি নিরাপত্তার স্বার্থে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবে কাজ করছে।
এদিকে আহমদিয়া সম্প্রদায়ের মূখপাত্র আহমদ তবশীর চৌধুরী এ বিষয়ে কোন মন্তব্য করেননি। কেবল বলেছেন আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। আমরা শান্তিপূর্ণ পরিবেশে ধর্মকর্ম পালন করতে চাই। অতীতে আমাদের সম্প্রদায়ের নামে বিভ্রান্তি ছড়িয়ে সাধারণ মানুষকে উত্তেজিত করে আমাদের সম্প্রদায়ের দোকানপাট, বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে আমাদের সম্প্রদায়ের একজনকে পিটিয়ে মেরেছে।
গত কয়েক বছর ধরেই আহমদিয়া সম্প্রদায়ের জলসা বন্ধ ও তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্দোলন করে আসছিল ইসলাম ধর্মীয় বিভিন্ন সংগঠন। গত বছরের ২-৪ মার্চ আহমদিয়া সম্প্রদায়ের উপর হামলা, তাদের দোকানপাট, ঘরবাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিকসহ অর্ধশতাধিক আহমদিয়া সম্প্রদায়ের মানুষ আহত। ওই ঘটনায় আহমদিয়া সম্প্রদায়ের একজনসহ ২ জন নিহত হয়। ঘটনার পর ত্রিশেরও অধিক মামলা হয়েছে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































