বেতাগীর প্রথম সহকারি অ্যাটর্নি জেনারেল আরিফুর
বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ উপকূলীয় জেলা বরগুনার বেতাগী উপজেলার কৃতিসন্তান মো. আরিফুর রহমান বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। বেতাগী থেকে এই প্রথম কেউ সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন। সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
গত ১৭ মার্চ সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্টের ৩১ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ করা হলো। আরিফুর রহমানের নাম সেই তালিকার প্রথম স্থানে রয়েছে।
জানা গেছে, মো. আরিফুর রহমান ঝালকাঠির নেছারাবাদ কামিল মাদরাসা থেকে ২০০৫ সালে দাখিল, নটরডেম কলেজ থেকে ২০০৭ এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম শেষ করেন। ২০১৬ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যভুক্ত হয়ে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে এবং ২০১৯ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তিনি যোগদান করেন।
দুই সন্তানের জনক আরিফুর রহমানের গ্রামের বাড়ি বেতাগী পৌরসভার ৮ নং ওয়ার্ডে। তার স্ত্রী বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা।
এ ব্যাপারে মো. আরিফুর রহমান বলেন, ‘আমি সবার কাছে সহযোগিতা ও দোয়া চাই যেন অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।
রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব যেন যথাযথ নিষ্ঠার সাথে পালন করতে পারি। যারা আমার ওপর বিশ্বাস রেখেছেন আশা করব এই দায়িত্ব পালনের মাধ্যমে তার সঠিক প্রতিদান দিতে পারব। সংবিধান সমুন্নত রাখাই আমার মূল দায়িত্ব হবে।’
এদিকে মো. আরিফুর রহমান সহকারী অ্যাটর্নি জেনারেল হওয়ার সংবাদে স্থানীয়দের মধ্যে বইছে উৎসবের আমেজ। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকেও জানানো হচ্ছে শুভকামনা, শুভেচ্ছা ও অভিনন্দন।
বেতাগী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমাদের এলাকার সন্তান যে দায়িত্ব পেয়েছেন তা সম্পূর্ণ নিরপেক্ষতার সহিত পালন করবে বলে আমরা আশাবাদী। আমরা তাঁর কর্মজীবনে সফলতা কামনা করছি।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































