পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে জেলা লিগ্যাল এইড অফিস,বিনামূল্যে আইনী সহায়তায় এগিয়ে আসার আহ্বান
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি-পিছিয়ে পড়া অসহায় অস্বচ্ছল জনগোষ্ঠীকে বিনামূল্যে আইনী সহায়তা প্রদান করছে জেলা লিগ্যাল এইড অফিস। সরকারি খরচে বিনামূল্যে আইনী সেবা প্রদানের পাশাপাশি আপোষের মাধ্যমে মামলা নিষ্পত্তি করতে জেলা লিগ্যাল এইড অফিস কাজ করে যাচ্ছে।
দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই-লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নেই শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ এপ্রিল সোমবার জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষ্যে জেলা ও দায়রা জজ ভবন চত্বরে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলমগীর কবীর। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
র্যালি শেষে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো. আলমগীর কবীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ ফাতিমা খাতুন।
বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. হুমায়ুন কবীর, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুলফিকার উল্লাহ, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম, এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস, এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড : আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক এ্যাড : খয়রাত আলী।
লিগ্যাল এইড অফিসের সহায়তায় উপকারভোগী শিরিন আক্তার তার অভিজ্ঞতা শেয়ার করেন। এ বছর শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা পান এ্যাড : জাহানারা বেগম মুন্নি চৌধুরী।
আলোচনা সভার শুরুতে যুগ্ম জেলা ও দায়রা জজ মেহেদী পাভেল সুইট রচিত নাটক কেরামতির অবসান উপস্থাপন করা হয়। সঞ্চালক ছিলেন সহকারী জজ মো. সাব্বির আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা আইনগত সহায়তার গুরুত্ব তুলে ধরেন এবং লিগ্যাল এইড অফিসের কার্যক্রমে সাধারণ জনগণের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































