কুলিয়ারচরে আইন-শৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):শনিবার (১১জুলাই) বিকালে কিশোরগঞ্জের কুলিয়ারচরে থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে এক বিশেষ কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
সভায় বর্তমান সমাজের বেশ কিছু উদ্বেগজনক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল- মাদক, জুয়া, কিশোর গ্যাংয়ের উৎপাত, বাল্যবিবাহ, আত্মহত্যার প্রবণতা, সাইবার ক্রাইম, চুরি, সম্পত্তি সংক্রান্ত বিরোধ, সন্ত্রাসী কার্যক্রম এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধ। এসব সামাজিক ব্যাধি ও অপরাধ রুখতে কীভাবে জনসচেতনতা বাড়ানো যায়, সে বিষয়ে বক্তারা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত বক্তারা বলেন, সমাজে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনসাধারণের পারস্পরিক সহযোগিতা বাড়ানো অত্যন্ত জরুরি। পুলিশ একা সব অপরাধ নির্মূল করতে পারবে না, যদি না সাধারণ মানুষ সচেতন হয়। বক্তারা যেকোনো ধরনের অপরাধ দমনে সবাইকে সর্বদা সতর্ক থাকার এবং তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিনের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) মো. মোবারক হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম (মুছা), সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. আরশ মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের সদস্য সচিব মো. মোখলেছুর রহমান মঞ্জু সহ স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত সকলেই কুলিয়ারচর থানাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































