খাগড়াছড়িতে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের উপকারিতা নিয়ে সভা অনুষ্ঠিত
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি।। খাগড়াছড়িতে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের উপকারিতা, সম্প্রদায়ের জ্ঞান ও বাস্তব অনুশীলন এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি পৌরসভা সম্মেলন কক্ষে উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌর প্রশাসক রুমানা আক্তার।
এতে খাগড়াছড়ি জেলা ফেড কমিটির সদস্য প্রিয় কুমার চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুজন চাকমা, কমলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল চাকমা।
সভায় ডিজিটাল প্রেজেন্টশন এর মাধ্যমে সুবিধা এবং গুরুত্ব তুলে ধরা হয়।
এতে, সৌরবিদ্যুৎ একটি অফুরন্ত, নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানি। ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে মাসিক বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। একটি সৌরবিদ্যুৎ ব্যবস্থার আনুমানিক আয়ুষ্কাল প্রায় ২৫ বছর। প্রাথমিক বিনিয়োগের খরচ প্রায় পাঁচ বছরে উঠে আসার পর দীর্ঘ সময় বিদ্যুৎ বিল সাশ্রয়ের মাধ্যমে পরিবারগুলো অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে।
এসময় প্রধাণ অতিথি খাগড়াছড়ি পৌর প্রশাসক রুমানা আক্তার বলেন, বাংলাদেশের জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও বিদ্যুৎ সুবিধাবঞ্চিত এলাকায় আলো পৌঁছে দিতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম নীতিমালার আলোকে সৌরবিদ্যুতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে।
সভায় বিভিন্ন এলাকার প্রতিনিধি ও জেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ নেন।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































