# Tags

দিনাজপুরে আফাআউস কার্যালয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুর সদরের রাজবাটীতে অবস্থিত আল ফালাহ আম উন্নয়ন সংস্থার (আফাআউস) প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর, অর্থ লুটপাট ও কর্মকর্তা-কর্মচারীদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে সংস্থাটি।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আফাআউসের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মামুন উর রশিদ। এ সময় সংস্থার কার্যনির্বাহী সদস্য তৈমুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক যাদব কুমার রায়, হিসাব ব্যবস্থাপক সাজ্জাদুল বারী, সমন্বয়কারী আবুল কালাম আজাদসহ অর্ধশতাধিক সদস্য ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মামুন উর রশিদ বলেন, গত ২৭ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মমতাজুল ইসলাম ও মো. আব্দুল মান্নান সরকারসহ কয়েকজনের নেতৃত্বে প্রায় ২০০ ব্যক্তি সংস্থার কার্যালয়ের সামনে জড়ো হন। পরে একপর্যায়ে তারা কার্যালয়ে প্রবেশ করে সিসি ক্যামেরা, দরজা, জানালা ও কাঁচের বেরিকেড ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়।
এ সময় কর্মকর্তা-কর্মচারীদের আটকে রেখে মারধর ও গালিগালাজ এবং তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন নেওয়ার অভিযোগ করা হয়। সদর-১ শাখার ক্যাশ থেকে প্রায় তিন লাখ টাকা নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, কয়েকজন কর্মকর্তার কাছ থেকে ২০০ ও ৩০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। আটজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে ইস্তফাপত্রে স্বাক্ষর নেওয়া এবং ৪২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগও করা হয়।
সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।