# Tags

খাগড়াছড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ির শালবন গরুগাড়ির টিলার গেফ এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে মাসুদ রানা রিপন মিঞা নামে এক ব্যক্তির বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় ঘরে থাকা প্রায় ৫/৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মাসুদ রানা রিপন মিঞা জানান, আগুন লাগার সময় পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। হঠাৎ আগুন লাগার বিষয়টি তারা বুঝতে পারেননি। পরে ফোনে খবর পেয়ে বাড়িতে এসে দেখেন, আগুনে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ছিল বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী কুদ্দুস আলী জানান, হঠাৎ বাড়ির দিক থেকে ধোঁয়া ও আগুন দেখতে পাই। দ্রুত আশপাশের লোকজনকে খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। এবং ফায়ার সার্ভিসকে ফোন করে জানায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরেক প্রতিবেশী মো. শফিক বলেন, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। বাড়ির ভেতরের বেশিরভাগ জিনিসপত্র বের করা সম্ভব হয়নি। চোখের সামনে পুরো ঘরটি পুড়ে যায়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী কর্মকর্তা জুয়েল বড়ুয়া জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিতভাবে জানানো হবে।