সুন্দরগঞ্জে ব্যবসায়ীর গুদামে মিলল ২০৯ বস্তা সার, জরিমানা ৩০ হাজার টাকা
বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) :কৃষকদের কাছে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ম বহির্ভূতভাবে মজুত করে রাখায় গাইবান্ধায় সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের শোভাগঞ্জ বাজারে ‘মেসার্স আজাহার আলী’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযানে উক্ত গুদাম থেকে ২০৯ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দকৃত এসব সারের সরকারি মূল্য ২ লাখ ৪৪ হাজার ৭০০ টাকা। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের ব্যবসায়ী কে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে এ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী। সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী আরো বলেন, পরবর্তীতে এসব জব্দকৃত সার সরকারি মূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করা হবে। বিক্রির সম্পূর্ণ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে।
এর আগে ৩১ আগস্ট সোমবার রাতে সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের শোভাগঞ্জ বাজারে ‘মেসার্স আজাহার আলী’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈফফাত জাহান তুলি। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কৃষকদের কাছে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে নিয়মবহির্ভূতভাবে সার মজুত করে রাখার অভিযোগে ওই ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় মজুত করা ১০২ বস্তা ইউরিয়া ও ১০৭ বস্তা এমওপি সার পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়। এর মধ্যে ১০২ বস্তা ইউরিয়া সারের সরকারি মূল্য ১ লাখ ৩৭ হাজার ৭০০ টাকা এবং ১০৭ বস্তা এমওপি সারের সরকারি মূল্য ১ লাখ ৭ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা ২০৯ বস্তা সারের সরকারি মূল্য ২ লাখ ৪৪ হাজার ৭০০ টাকা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ঈফফাত জাহান তুলি গণমাধ্যমে জানান, নিয়মবহির্ভূতভাবে সার মজুত করে চড়া দামে বিক্রি ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। সত্যতা পাওয়ায় ২০৯ বস্তা সার জব্দ করা হয়েছে। একই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, কৃষকদের স্বার্থে নিয়মিতভাবে বাজার ও সার বিক্রয় কেন্দ্রে অভিযান পরিচালনা করা হবে।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































