পঞ্চগড় জেলা পরিষদে প্রশাসক হিসেবে যোগদান করলেন এম এ মজিদ
সামসউদ্দীন চৌধুরী কালাম, পঞ্চগড়।।পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক হিসেবে যোগদান করলেন এম এ মজিদ।
বুধবার সকালে তিনি পঞ্চগড় জেলা পরিষদে যোগদানের সময় ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেন জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারিসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। শুরুতেই ফুল দিয়ে তাকে জেলা পরিষদে বরণ করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবং জেলা ও দায়রা জজ আদালতের পিপি, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল। এরপর বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনকল্যাণে যে সকল উদ্যোগ গ্রহণ করেছেন তা এগিয়ে নিতে আমি কাজ করে যাব। জেলা পরিষদের মাধ্যমে জেলায় উন্নয়নসহ সার্বিক কার্যক্রমে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এর আগে গত সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার সিনিয়র সহকারী সচিব তাহমিনা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়। মঙ্গলবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবের নিকট হতে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
উল্লেখ্য, পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক মো: তৌহিদুল ইসলাম মৃত্যুবরণ করায় শুন্যপদে তাকে পঞ্চগড় জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। #


























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































