চকরিয়া সরকারি হাসপাতাল থেকে এসি চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার, সরঞ্জাম উদ্ধার
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি-চকরিয়া উপজেলা সরকারি হাসপাতাল থেকে অভিনব কৌশলে একটি এসি চুরির ঘটনা ঘটেছে। এই চুরির ঘটনায় গত ১১ আগস্ট চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
মামলাটি রুজু হবার পর থেকে পুলিশ চোরদের গ্রেপ্তার করতে ও সরকারি হাসপাতালের লুন্ডিত এসি উদ্ধারে অভিযান শুরু করে। এরই মধ্যে পুলিশ বুধবার (২৭ আগস্ট) দুপুরে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের ঘনশ্যাম বাজার এলাকার পুরাতান মালামাল বিক্রয়ের দোকানে অভিযান চালায় পুলিশ।
এসময় চুরি হওয়া এসির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
থানা পুলিশ জানিয়েছে, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে এসআই আবুল খায়ের, এসআই মো.সোহরাব সাকিবসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে চুরির মাল বিক্রি ও মজুদ করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কাহারিয়াঘোনা এলাকার আইয়ুব মিস্ত্রির ছেলে মো.শহিদুল ইসলাম কাইয়ুম (২৪) ও চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষ্যারচর বেপারী পাড়া (কসাই পাড়া) এলাকার সাহাব উদ্দিনের ছেলে মোহাম্মদ রুবেল (৩২)।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিছুদিন আগে এসি চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতাল কতৃপক্ষ থানায় মামলা করেছে। এসি চুরির ওই মামলায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা এসির বিভিন্ন পার্টস খুলে খুলে বিক্রি করে পুরাতন মালামাল বিক্রয়ের দোকানে। বিক্রিত এসব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, গ্রেপ্তারকৃত দুইজনকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালের ওই মামলায় বুধবার বিকালে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সৌপদ্দ করা হয়। এসময় আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। #





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































