কিশোরগঞ্জে সাংবাদিকের ওপর হামলায় আটক-১
আব্দুর রউফ ভূইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র-জনতার সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাব্বির হোসেন (২৭) নামের এক সাংবাদিক হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।
এ ঘটনায় সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে আহত সাংবাদিক কিশোরগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসিবুল হোসেন শান্তসহ অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। একই দিন সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত শান্তকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে সাব্বির হাসপাতালের ভেতরে সংবাদ সংগ্রহ করছিলেন। দুপুর ১টার দিকে কয়েকজন শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়ার সময় হঠাৎ হামলা চালায় শান্ত ও তার সহযোগীরা। তারা প্রথমে অকথ্য ভাষায় গালাগাল করে এবং ‘আগে আমাদের বক্তব্য নিতে হবে’ বলে জোর দাবি জানায়। সাংবাদিক সাব্বির শান্তভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার ওপর অতর্কিতভাবে কিল, ঘুষি ও লাথি চালায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং ঠোঁট কেটে রক্তক্ষরণ হয়। পরে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
পরে আটক হওয়া হাসিবুল হোসেন শান্ত বলেন, সাংবাদিককে চিনতে না পারায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তিনি জানান, সাব্বিরকে আন্দোলনের বিরোধী পক্ষের লোক ভেবে ভুল করেছিলেন।
এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন বিলুপ্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক ইকরাম হোসেন। তিনি যেকোনো পরিস্থিতিতে সাংবাদিকের পাশে থাকার আশ্বাস দেন।
আহত সাংবাদিক সাব্বির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি সকাল থেকে কাজ করছিলাম। আন্দোলন সুন্দরভাবে চলছিল। হঠাৎ তারা আমার ওপর হামলা চালাল কেন বুঝতে পারিনি। আমি মারাত্মক জখম হয়েছি। এর সুষ্ঠু বিচার চাই। সাংবাদিকদের যদি নিরাপত্তা না থাকে, তবে আমরা কীভাবে কাজ করব?
এ ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































