# Tags

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি-কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ব্যাগে করে পাচার কালে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে আটক করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী সেনা ক্যাম্পের সামনে চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ রায়ের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন এসআই (নিঃ) আবুল খায়ের ও এসআই (নিঃ) মোঃ সোহরাব সাকিবসহ পুলিশের একটি আভিযানিক দল।

আটককৃতরা হলেন, কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকার জহির আলম ও তার স্ত্রী শাহেনা বেগম (৪৬)। তারা বর্তমানে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় বসবাস করে আসছিলেন।

উক্ত অভিযানে পুলিশ ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি কালো ব্যাগ, একটি বাটন ফোন ও একটি তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে।
স্থানীয় লোকজন জানায়, এসব ইয়াবা সাগর পথে ছোট ছোট লবণ ও কাঁকড়া বুঝাই ট্রলার দিয়ে বিভিন্ন পয়েন্টে প্রবেশ করছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ অন্যান্য আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া, ‘মাদকবিরোধী অভিযান সব সময় অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা সর্বদা কঠোর অবস্থানে আছি।