শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ ১১ লাখ টাকার পণ্য জব্দ, গ্রেফতার ১
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল-শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, ভারতীয় জিরা এবং কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় একজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই বাবলু কুমার পাল ও ফোর্সসহ মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান পরিচালনা করে। অভিযানকালে উপজেলার টিকরিয়া গ্রামের মো. আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করে পুলিশ।
এসময় ৯০,০০০ শলাকা বিদেশি সিগারেট, ৩০ বোতল অলিভ অয়েল , ১২০ কৌটা ময়েশ্চারাইজিং ক্রিম এবং ভারতীয় ৫ বস্তা জিরা জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ লাখ ১০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ও তার অজ্ঞাতনামা সহযোগীরা অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে এনে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন স্থানে সরবরাহ করত। গ্রেফতারকৃত ব্যক্তি এসব পন্য আমদানির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
তিনি আরও জানান, এই ঘটনায় গ্রেফতারকৃত আসামী ও তার পলাতক সহযোগীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































