বান্দরবানে ঝর্নায় গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ
বেলাল আহমদ,বান্দরবান-বান্দরবানের থানচি নাফাখুম ঝর্নায় গোসলে নেমে মো. ইকবাল হোসেন (২৪) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ ইকবাল হোসেন ঢাকা ডেমরা থানা, সারুলিয়া, রসুলনগর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,১৫ নভেম্বর শুক্রবার দুইটি দলের ১৭ জনের একটি পর্যটক দল আলীকদম হয়ে থানচিতে পৌছে কোন প্রকার গাইড ও রেজিস্ট্রেশন ছাড়াই নাফাখুম ঝর্না এলাকায় ঘুরতে যান। সেখানে গোসল করতে নামে সবাই।অন্যরা তীরে উঠে এলেও ইকবাল হোসেন হঠাৎ স্রোতে তলিয়ে যান। সঙ্গে থাকা অন্য পর্যটকরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি।পরে থানচি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে দুর্গম এলাকা এবং প্রবল পানির স্রোতের কারণে নিখোঁজ ব্যক্তিকে সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মজুমদার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজের খবর পাওয়ার পর থেকে উদ্ধার অভিযান চলছে। উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলে জানান তিনি।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































