# Tags

ভালুকায় প্রথম কর্মদিনেই জরুরি নির্দেশনা দিলেন নবাগত ইউএনও মোঃ ফিরোজ হোসেন

মোঃ আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি-
ভালুকায় যোগদানের প্রথম কর্মদিবসেই উপজেলার শিক্ষা পরিবেশ স্বাভাবিক রাখতে জরুরি নির্দেশনা জারি করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফিরোজ হোসেন। উপজেলার সরকারি মাধ্যমিক ও সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও দেন তিনি।

ইউএনও মোঃ ফিরোজ হোসেন বলেন, “শিক্ষা একটি সংবেদনশীল ক্ষেত্র। কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হোক—এটা আমরা কেউই চাই না। তাই সরকারের নির্দেশনা অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলমান রাখতে সব পক্ষের সহযোগিতা অত্যন্ত জরুরি।”

জরুরি নির্দেশনায় যা বলা হয়েছে—

১. প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের পরীক্ষাকে কেন্দ্র করে কোনো ধরনের আন্দোলন করা যাবে না। এটি সরকারের কঠোর নির্দেশনা বলেও জানান ইউএনও।

২. বার্ষিক পরীক্ষা কোনোভাবেই স্থগিত হবে না। তিনি বলেন, “পরীক্ষা অবশ্যই অনুষ্ঠিত হবে। অভিভাবকরা দয়া করে সন্তানদের যথাসময়ে পরীক্ষায় অংশ নিতে স্কুলে পাঠাবেন।”

৩. সহকারী শিক্ষকদের দাবি-দাওয়া বিষয়ে ইউএনও বলেন, “সরকার বিধি মোতাবেক বিষয়টি বিবেচনা করবে। তাই আপনারা যথাযথ মাধ্যমে আপনাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করবেন।”

৪. সরকারি চাকরি বিধি মেনে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে ইউএনও আরও বলেন, চাকরি বিধিভঙ্গ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৫. কোনো শিক্ষক পরীক্ষা গ্রহণে সহযোগিতা না করলে প্রধান শিক্ষক নিজের ব্যবস্থাপনায়, প্রয়োজন হলে স্বেচ্ছাসেবী বা অভিভাবকদের সহায়তায় পরীক্ষা গ্রহণ করবেন।

৬. প্রাথমিক শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস এবং উপজেলা পরিষদের বিভিন্ন টিম বিভিন্ন স্কুল পরিদর্শন করবে বলেও জানান ইউএনও।

ইউএনও মোঃ ফিরোজ হোসেন আরও বলেন,
“শিক্ষার্থীদের ক্ষতি করে বা অভিভাবকদের মনোকষ্ট দিয়ে কোনো দাবি আদায় করা উচিত নয়। যে কোনো প্রয়োজন হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কিংবা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগের অনুরোধ করছি।”

নবাগত ইউএনওর এই নির্দেশনা শিক্ষার্থী ওঅভিভাবকদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে বলে জানিয়েছেন অনেকেই।