# Tags

খাগড়াছড়িতে এলএসটিডি প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি ব্রি আঞ্চলিক কার্যালয় কর্তৃক জেলা সদরস্ত কমলছড়ি ব্লকের পাইলটপাড়া প্রযুক্তি গ্রামে “স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন” (এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে কৃষক পর্যায়ে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে পাইলটপাড়া প্রযুক্তি গ্রামের কৃষকদের মাঝে প্রকল্পের আওতায় কৃষি নিড়ানি যন্ত্র ‘ব্রি রাইস উইডার” ও “ন্যাপস্যাক স্প্রেয়ার” বিতরণ করা হয়।

এসময় বিতরণ অনুষ্ঠানে ব্রি আঞ্চলিক কার্যালয় খাগড়াছড়ির বৈজ্ঞানিক কর্মকর্তা মীর ওবায়দুর রহমান শাওন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান জনাব মো. সিরাজুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন উক্ত গ্রামের আদর্শ কৃষক অনুপম চাকমা।

এসময় খাগড়াছড়ি ব্রি আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, “পাইলটপাড়া প্রযুক্তি গ্রামের কৃষকদের জীবনমান ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে ব্রি আঞ্চলিক কার্যালয়, খাগড়াছড়ি কাজ করে যাচ্ছে। আধুনিক ধান চাষাবাদ ব্যবস্থাপনার মাধ্যমে কৃষিকে আরো বেশি লাভজনক করা সম্ভব এবং দেশে খাদ্য নিরাপত্তা অর্জনে কৃষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এসময় তিনি নিড়ানি ও স্প্রেয়ারের ব্যবহার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।”

এতে সভাপতির বক্তব্যে অনুপম চাকমা বলেন, এলএসটিডি প্রকল্প ও ব্রি আঞ্চলিক কার্যালয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ব্রি উদ্ভাবিত ধানের জাত, প্রযুক্তি ও নির্দেশনার সমন্বয় করে এই গ্রামের কৃষকদের কাজ করার আহবান জানান।

উল্লেখ্য; পাইলট পাড়া প্রযুক্তি গ্রামে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে ৬০ একর জমিতে ব্রি উদ্ভাবিত আধুনিক ধানের জাতের প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়ন, কৃষি যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণ, বীজ সহায়তা কার্যক্রম ও ৬টি গবেষণা কার্যক্রম বাস্তবায়ন করেছে ব্রি আঞ্চলিক কার্যালয়, খাগড়াছড়ি।