# Tags

জাতীয় সংসদের হুইপ হলেন নাটোরে সাবেক মন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নাটোর প্রতিনিধি-ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিযুক্ত হয়েছেন নাটোর থেকে চার বারের নবনির্বাচিত নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সোমবার (২ মার্চ) দুপুরে রাষ্ট্রপতির নির্দেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে হুইপ হিসেবে নিযুক্ত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরগুনা-২ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলামকে চীফ হুইপ এবং হবিগঞ্জ-৩ আসনের আলহাজ্ব মোঃ জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম, শরিয়তপুর-৩ আসনের মিয়া নুর উদ্দিন আহমেদ অপু, দিনাজপুর-৪ আসনের মোঃ আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর-৪ আসনের এ.বি.এম. আশরাফ উদ্দিন নিজামকে ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিযুক্ত করা হয়েছে।

সূত্র জানায়, আগামী মঙ্গলবার নবনিযুক্ত চীফ হুইপ ও হুইপ’রা শপথ গ্রহণ করবেন এবং আগামী ১৩ মার্চ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন কার্যকর হবে।

বাংলাদেশের সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, হুইপ ও চীফ হুইপ সংসদে সরকারি দলের শৃঙ্খলা রক্ষা, আইন প্রণয়ন কার্যক্রমে সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ বিল ও সিদ্ধান্ত গ্রহণের সময় দলীয় অবস্থান বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে হুইপ পদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্রশাসনিক দায়িত্ব হিসেবে বিবেচনা করা হয়।

নতুন এ চীফ হুইপ ও হুইপ নিযুক্তির মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।