ভালুকায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
মোঃ আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর ভালুকা সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে। দিবসটি ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফিরোজ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, উপজেলা জামায়াতের আমীর মোঃ সাইফ উল্লাহ পাঠান ফজলু, ভালুকা সরকারি কলেজের অধ্যক্ষ আ ন ম শাহাদাৎ হোসেন, ভালুকা পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুজিবুর রহমান মজু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম খান রাসেলসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
দিবসটি উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































