ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার স্মরণে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির দোয়া ও স্মরণসভা
পঞ্চগড় প্রতিনিধি-সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, সাবেক স্পিকার, বিশিষ্ট আইনজীবী এবং পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির আজীবন সদস্য ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে|
বুধবার বিকেলে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত ওই দোয়া ও স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলহাজ এ হাসান প্রধান| এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. জাহিদুল হক| অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হুসাইন মুহাম্মদ ফজলুল বারী, পারিবারিক আপিল আদালতের জজ মো. নুরুজ্জামান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহবুব আলী মুয়াদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিনহাজুর রহমানসহ জেলার বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আদম সুফি, সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাবেক জিপি অ্যাডভোকেট এম.এ. বারী এবং জেলা আইনজীবী সমিতির সিনিয়র ও নবীন আইনজীবীরা উপস্থিত ছিলেন|
সভায় বক্তারা বলেন, ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন প্রথিতযশা আইনজ্ঞ, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একজন সম্মানিত প্রতিনিধি| সততা, প্রজ্ঞা ও দেশপ্রেমের মাধ্যমে তিনি বিচার, আইন ও রাজনীতির অঙ্গনে অসামান্য অবদান রেখে গেছেন| তাঁর মৃত্যুতে দেশ একজন বিজ্ঞ আইনবিদ ও অভিজ্ঞ রাজনীতিবিদ হারিয়েছে| তাঁর কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে| পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ|





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































