ভালুকায় উপজেলা কাপ স্কুল–মাদ্রাসা ফুটবল টুর্নামেন্ট শুরু
মো. আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি- উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের ভালুকায় শুরু হয়েছে উপজেলা কাপ স্কুল ও মাদ্রাসা ফুটবল টুর্নামেন্ট–২০২৬।
উদ্বোধনী ম্যাচে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর ট্রাইব্রেকারে হবিরবাড়ি সোনার বাংলা উচ্চবিদ্যালয়কে ৩–১ গোলে হারিয়ে জয় পেয়েছে গোয়ারী ভাওয়ালিয়া উচ্চবিদ্যালয়।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ভালুকা সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সংসদ সদস্য মো. ফখরউদ্দিন আহমেদ বাচ্চু প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফিরোজ হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন ও মুজিবুর রহমান মজু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব সাখাওয়াত হোসেন পাঠান, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চা প্রয়োজন। উপজেলা পর্যায়ে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার দল অংশ নিচ্ছে। আয়োজকেরা জানান, ধারাবাহিকভাবে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর ফাইনালের মাধ্যমে প্রতিযোগিতার পর্দা নামবে।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































