# Tags

খাগড়াছড়িতে উল্টো রথযাত্রায় শেষ হলো নয়দিনব্যাপী রথ উৎসব

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা।

শুক্রবার বিকেলে খাগড়াছড়ি বাজারস্থ শ্রীশ্রী রাধা বন্ধুবিহারী মন্দিরের আয়োজনে উল্টো রথ মহোৎসব উপলক্ষে একটি ধর্মসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভুইঁয়া।

ধর্মসভায় সভাপতিত্ব করেন, শ্রীশ্রী রাধা বন্ধুবিহারী মন্দিরের অধ্যক্ষ শ্রী সুদর্শন জগন্নাথ দাস ব্রহ্মচারী।

ধর্মসভা শেষে, উল্টো রথযাত্রার উদ্বোধন করেন, -২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভুইঁয়া । উল্টো রথে ভগবান শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রাদেবীর সুসজ্জিত উল্টো রথ খাগড়াছড়ি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শ্রীশ্রী রাধা বন্ধুবিহারী মন্দিরে গিয়ে শেষ করে। রথযাত্রার বর্ণাঢ্য এ আয়োজনে অংশ নেন হাজার হাজার সনাতনধর্মাবলম্বী ভক্তরা। রথকে কেন্দ্র করে পূজা-অর্চনা, প্রার্থনা, ভজন-কীর্তন এবং ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা। পুরো এলাকা ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠেছিলো।

উল্লেখ্য, গত ১৬ জুলাই শ্রীশ্রী রাধা বন্ধুবিহারী ইসকন মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের সূচনা হয়ে কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দিরে শেষ করেছিলো। নয় দিনব্যাপী লক্ষ্মী নারায়ণ মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শেষে শুক্রবার উল্টো রথযাত্রার মাধ্যমে এ বছরের আয়োজনের সমাপ্তি ঘটে।

আয়োজকরা জানান, শান্তি, সম্প্রীতি ও সকলের মঙ্গল কামনায় প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আনন্দঘন পরিবেশে রথযাত্রা উৎসব সম্পন্ন হয়েছে।