ভালুকা পৌরসভায় মেয়র পদে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম বাবুল
মো. আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি-আসন্ন ভালুকা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভালুকা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, ব্যবসায়ী ও পৌর কর্মপরিষদের সদস্য রফিকুল ইসলাম বাবুলকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধায় উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা আমির সাইফ উল্লাহ পাঠান তাঁর নাম ঘোষণা করেন।
এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি শহীদুর রহমান শাহীন, পৌর আমির মাওলানা আলাউদ্দীন, পৌর সেক্রেটারি মাওলানা ইব্রাহীম খলিল, উপজেলা কর্মপরিষদের সদস্য মাওলানা মোবারক হোসেন, অধ্যাপক তৈয়ব হোসেন, প্রকৌশলী শরিফ মোল্লা, প্রকৌশলী আনোয়ার হোসেন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মেয়র প্রার্থী রফিকুল ইসলাম বাবুল বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব। নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিক সেবাকে অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে কাজ করব।”
উপজেলা জামায়াতে ইসলামীর আমির সাইফ উল্লাহ পাঠান বলেন, “দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যোগ্যতা, গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক মূল্যায়নের ভিত্তিতে রফিকুল ইসলাম বাবুলকে মেয়র প্রার্থী করা হয়েছে। আমরা আশা করি, জনগণ তাঁকে সমর্থন দিয়ে একটি সেবামুখী ও জবাবদিহিমূলক পৌর প্রশাসন প্রতিষ্ঠার সুযোগ দেবেন।”





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































