হাবিপ্রবিতে ৫ দিনব্যাপী বার্ষিক গবেষণা কর্মশালা শুরু
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (আইআরটি) আয়োজনে ৫ দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, গবেষণাই একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি। মানসম্মত গবেষণার মাধ্যমেই নতুন জ্ঞান ও উদ্ভাবনের পথ তৈরি হয়। আমাদের গবেষকদের সৃজনশীলতা ও পরিশ্রমই হাবিপ্রবিকে একটি মানসম্মত গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলবে।
তিনি গবেষকদের নিয়মিত গবেষণা প্রবন্ধ প্রকাশ করা এবং সমাজের উপকারে আসে এমন নতুন নতুন গবেষণা প্রস্তাবনা তৈরির আহ্বান জানান।
আইআরটি’র পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে কর্মশালায় ২০২৪-২০২৫ অর্থবছরের সমাপ্ত স্বাধীন গবেষণা প্রকল্প ও ২০২২-২০২৩ অর্থবছরের সমাপ্ত যৌথ গবেষণা প্রকল্পের চূড়ান্ত ফলাফল তুলে ধরা হয়। একই সাথে ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ অর্থবছরের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়।
অনুষ্ঠানে আইআরটি’র বার্ষিক গবেষণা প্রতিবেদনের মোড়ক উন্মোচন করা হয় এবং ফিসারিজ অনুষদের ৪টি প্রজেক্টের প্রতিবেদন উপস্থাপন করা হয়। আইআরটি’র উপপরিচালক মো. শাহজাহান মন্ডলের সঞ্চালনায় এই কর্মসূচিতে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকসহ মোট ১৩০ জন গবেষক অংশ নেন।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































