অব্যয়িত অর্থ নয়-ছয় না করে কোষাগারে ফেরত দিলেন ইউএনও কাশপিয়া তাসরিন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ৩০জুলাই/জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ও কুসুম্বা ইউনিয়নে খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষে অব্যয়িত প্রায় ১১’লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। সরকারি প্রকল্পে অব্যয়িত অর্থ নয়-ছয় না করে সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় প্রশংসা কুড়িয়েছেন ইউএনও মহদোয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার বাগজানা ইউনিয়নের সোনাপুর খোদ্দমশুল ঝিনাইগাড়ী সোনামুন মাষ্টারের জমি হতে জীবনপুর ব্রীজ অভিমুখে ১.৮ মিটার দৈর্ঘ্য এবং কুসুম্বা ইউনিয়নের ঢাকার পাড়া আকরামের বাড়ি থেকে কুসুম্বা সুইচগেট অভিমুখে ৬’শ মিটার খাল পুনঃখনন প্রকল্পের বরাদ্দ দেয় সরকার। ঝিনাইগাড়ি খালের বরাদ্দ ৩১ লাখ ৭৯ হাজার টাকা দেওয়া হলেও ব্যয় হয় ২১ লাখ ৪৩ হাজার ৮৮৫ টাকা। অপরদিকে ঢাকার পাড়ার কুসুম্বা সুইচগেট খালের জন্য ৮ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যেই ব্যয় হয় ৭ লাখ ৭৪ হাজার ৮৫০ টাকা মাত্র। অব্যয়িত উভয় প্রকল্পের মোট ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা সরকারি বিধি অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেন ইউএনও মহদোয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, ” জলাবদ্ধতা দূরীকরণ, সেচব্যবস্থার উন্নয়ন এবং কৃষকদের দুর্ভোগ কমানোই ছিল এ প্রকল্পের মূল উদ্দেশ্য। খাল পুনঃখননে বরাদ্দকৃত অর্থ দিয়ে নির্দেশনা মোতাবেক খনন কাজ সম্পন্ন করে শ্রমিকের মজুরি পরিশোধ অন্তে অব্যয়িত প্রায় ১১ লাখ টাকা বিধি অনুযায়ী সরকারের কোষাগারে ফেরত প্রদান করা হয়েছে।”





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































