গ্রামীণ যোগাযোগ উন্নয়নে নতুন ডাটাবেজ তৈরি করছে এলজিইডি
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি : গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) এবং আরসিআইপি প্রকল্পের আওতায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা এলজিইডি এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আলী হোসেন। তিনি বলেন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়নে নির্ভুল তথ্যভাণ্ডার অপরিহার্য। আধুনিক ও নির্ভরযোগ্য ডাটাবেজ ভবিষ্যতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি মাঠপর্যায়ের কর্মীদের স্বচ্ছতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সদর উপজেলা প্রকৌশলী মোঃ রিশাদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল। মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন বেটস্-এর জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক এবং উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন। কর্মশালাটি সার্বিক তত্ত্বাবধান করেন বেটস্ কনসালটিং সার্ভিসেস লিঃ-এর জিআইএস এনালিস্ট ফাহিম আহমদ দিব্য।
অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রশাসক, সচিব এবং এলজিইডির ঠিকাদারবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালার পূর্বে নবাগত নির্বাহী প্রকৌশলী মোঃ আলী হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তিনি সদর উপজেলা এলজিইডি কার্যালয় পরিদর্শন করেন।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































