কুলিয়ারচর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিলেন মোজাম্মেল হক
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোজাম্মেল হক।
গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে থানার দ্বায়িত্বে থাকা ওসি (তদন্ত) মো. মোবারক হোসেনের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।
পেশাদারিত্ব ও অভিজ্ঞতায় সমৃদ্ধ এই পুলিশ কর্মকর্তা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিতে নতুন অঙ্গীকার নিয়ে কাজ শুরু করেছেন।
মোজাম্মেল হক ২০০৭ সালে উপপরিদর্শক (এসআই) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কুলিয়ারচর থানায় যোগদানের পূর্বে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরে বাংলা নগর থানায় প্রায় তিন মাস ওসির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ডিএমপির প্রসিকিউশন বিভাগে দায়িত্বে ছিলেন।
ব্যক্তিগত জীবনে মোজাম্মেল হকের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়। তিনি এক কন্যাসন্তানের পিতা এবং তাঁর স্ত্রী একজন সফল নারী উদ্যোক্তা ও ব্যবসায়ী।
দায়িত্ব গ্রহণের পর মোজাম্মেল হক জানান, কুলিয়ারচর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, সন্ত্রাস ও অপরাধ দমন এবং সাধারণ মানুষের জন্য পুলিশের সেবা সহজ করাই হবে তাঁর প্রধান অগ্রাধিকার।
এদিকে, একজন অভিজ্ঞ কর্মকর্তা ওসির দায়িত্ব পাওয়ায় কুলিয়ারচর থানায় অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ এবং পুলিশি সেবার মান আরও বাড়বে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় সচেতন মহল।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































