# Tags

কামারদহ ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রর্থী পদে পাভেলের দলীয়  মনোনয়ন ফরম সংগ্রহ

বাবু,গোবিন্দগঞ্জ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৩ নং কামারদহ ইউনিয়নে নির্বাচনী আমেজ তীব্র হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের আস্থাভাজন বর্তমান ইউপি সদস্য কাজী মো: এহসানুল কবির পাভেল বিপুল সংখ্যক সমর্থক ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

​রবিবার উপজেলা বিএনপি কার্যালয়ে এসে তিনি গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র প্রার্থী ফারুক আহমেদ-এর হাত থেকে এ মনোনয়ন ফরম গ্রহণ করেন।

​মনোনয়ন ফরম সংগ্রহের সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীরা একটি সুশৃঙ্খল মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে সমবেত হন এবং কাজী মো: এহসানুল কবির পাভেলের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

​সংবাদকর্মীদের সাথে আলাপকালে ৯ নং ওয়ার্ডের বর্তমান সফল ইউপি সদস্য ও ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী মো: এহসানুল কবির পাভেল বলেন, “আমি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে এলাকার সেবা করে যাচ্ছি। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকাটাই আমার মূল লক্ষ্য। এলাকার কাঁচা-পাকা রাস্তাঘাটের উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং যেকোনো দুর্যোগে সাধ্যমতো মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। করোনাকালীন কঠিন সময়েও আমি মানুষের দুয়ারে দুয়ারে খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিয়েছি।

​তিনি আরও বলেন, এলাকার খেটে খাওয়া ও সাধারণ মানুষের ভালোবাসাই আমার পথচলার শক্তি। দল যদি আমার বিগত দিনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড বিবেচনা করে আমায় চূড়ান্তভাবে মনোনীত করে, তবে ইনশাআল্লাহ আগামীতে ৯ নং ওয়ার্ডকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও দৃষ্টিনন্দন মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।

​এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ জানান, তৃণমূলের যেসব নেতা-কর্মী সুখে-দুঃখে মানুষের পাশে থাকেন এবং এলাকায় যাদের সুদৃঢ় গ্রহণযোগ্যতা ও ক্লিন ইমেজ রয়েছে, দল তাদেরকেই অগ্রাধিকার দেবে।

​স্থানীয় ভোটারদের মতে, কাজী মো: এহসানুল কবির পাভেলের মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে কামারদহ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নির্বাচনী সমীকরণ ও রাজনৈতিক কর্মকাণ্ড নতুন গতি পেয়েছে। একজন সৎ, সমাজসেবী ও মানবিক জনপ্রতিনিধি হিসেবে তিনি সাধারণ মানুষের মাঝে বিশেষ স্থান দখল করে আছেন।