কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার লাশ দেখতে এসে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
আব্দুর রউফ ভূইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জ শহরে আওয়ামী লীগ এক নেতার মৃতদেহ দেখতে এসে গ্রেপ্তার হয়েছেন শ্রমিক লীগের এক নেতা।
গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল মামুন (৪০) কিশোরগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তিনি জেলা শহরের গাইটাল এলাকার জনতা স্কুল রোডের বাসিন্দা।
বুধবার রাত ১২টার দিকে শহরের আখড়াবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন।
পুলিশ সূত্র জানায়, মো. শাহজাহান লস্কর (৭২) কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য ছিলেন। বুধবার সন্ধ্যায় তিনি মারা যান। রাত সাড়ে ১১টার দিকে আব্দুল্লাহ আল মামুন তার মরদেহ দেখতে যান এবং এ সময় সদর থানা পুলিশের একটি দল বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সংবাদ মাধ্যমকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































