# Tags

দৌলতপুরে দ্বিতীয় ধাপে চার শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

সাইদুর রহমান (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী চার শতাধিক কৃতী শিক্ষার্থীকে দ্বিতীয় ধাপে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলার ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘নুরজাহান রহমান ফাউন্ডেশন’-এর উদ্যোগে ৪৩৮ জন কৃতী শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট, শিক্ষা সামগ্রী ও গাছের চারা উপহার দেওয়া হয়।

এর আগে  জুলাই মাসের ১৯ তারিখ রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথম ধাপে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০০ কৃতী শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট, শিক্ষা সামগ্রী ও গাছের চারা উপহার দেওয়া হয়।

শনিবারের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন এবং দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‘নুরজাহান রহমান ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। আয়োজকরা জানান, এ পর্যন্ত দুই ধাপে মোট ছয় শত আটত্রিশ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য মেধাবী শিক্ষার্থীদেরও সম্মাননা প্রদান করা হবে।

অতিথিরা বলেন, “এই মেধাবীরা আগামী দিনের সমাজ ও দেশের নেতৃত্ব দেবে। তাদের সাফল্য আমাদের জাতীয় সম্পদ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।”

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো পরিবেশ ছিল উৎসবমুখর।